২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে প্রশিক্ষণ শেষে শিশু সাংবাদিকরা পেল সনদপত্র

ইউনিসেফের অংশীদারত্বে এই আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 06:14 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

সিরাজগঞ্জ জেলায় শিশুদের নিয়ে হয়ে গেল দুই দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা। ইউনিসেফের অংশীদারত্বে এই আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। 

জেলা সমাজসেবা কমপ্লেক্সের হল রুমে বুধবার কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়। এ সময় প্রশিক্ষণের স্বীকৃতি হিসেবে শিশু সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় সনদপত্র। কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ কিশোর-কিশোরী অংশ নেয়। 

সমাপনী অনুষ্ঠানে হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবুর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদত হুসেইন প্রধান অতিথি, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান বিশেষ অতিথি ছিলেন। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন হ্যালোর সহসম্পাদক সাদিক ইভান। 

মঙ্গলবার কর্মশালার প্রথম দিন অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতার ধারণা, শিশু অধিকার সনদ, সংবাদ ও ফিচার লিখন, তথ্য যাচাই এবং সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়। 

দ্বিতীয় দিন বুধবার সংবাদ প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারণ এবং মোবাইল ফোনে ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া জাতীয় সঙ্গীত পরিবেশন, কবিতা পাঠ ও নৃত্য পরিবেশন করেন অংশগ্রহণকারী শিশুরা।

সুন্দর নিরিবিল পরিবেশে কর্মশালার আয়োজন করায় আয়োজক প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়ে শিশুদের উদ্দেশে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদত হুসেইন বলেন, “পৃথিবীটা হল একটি খোলা জানালা। প্রতিটি শিশুকে লেখাপড়ার পাশাপাশি জ্ঞান অর্জনের জন্য এই খোলা জানালার সঙ্গে যুক্ত হতে হবে। হ্যালো সেই জানালার পথ উন্মুক্ত করে দিয়েছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুরা নিজেদের মত প্রকাশের পাশাপাশি শিশুর অধিকার নিয়ে মতামত প্রদান ও অসঙ্গতি নিয়ে তথ্য প্রকাশ করতে পারবে। এতে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।”

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান বলেন, শিশুদের মেধা বিকাশে এই আয়োজন প্রশংসার দাবি রাখে। আমরা আশা করি, কর্মশালায় অংশগ্রহণকারী শিশুদের লেখনির মাধ্যমে শিশুর সমস্যা, সম্ভাবনা ও অধিকারের কথা উঠে আসবে।