রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি
সমাবর্তন গত বছরের ২৮ নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানিয়ে দেওয়া হবে।
অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, “এর আগে ২০২৩ সালের নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কোনো কারণ উল্লেখ না করেই ওই বছরের ১ নভেম্বর এক নোটিশের মাধ্যমে সমাবর্তন স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।
“স্থগিত হওয়া দ্বাদশ সমাবর্তন দ্বিতীয় দফায় গত বছরের ২৮ নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আবার স্থগিত হয়ে যায়।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ১৯৫৩ সালে। সর্বশেষ অর্থাৎ একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ নভেম্বর।
১৯৫৯, ১৯৬১, ১৯৬২, ১৯৬৫, ১৯৭০, ১৯৯৮, ২০১২, ২০১৫, ২০১৮ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।
