Published : 22 May 2026, 10:49 PM
বরিশালের উজিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গোয়েন্দা পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় ডিবির এক কনস্টেবলকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ।
শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার খেয়াঘাট এলাকায় অভিযান চলাকালে এ ঘটনা ঘটে বলে জানান উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম।
আটকরা হলেন- উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মোল্লা, তার সহযোগী শামীম মোল্লা, মুনসুর মোল্লা এবং মো. আলাউদ্দিন।
আহত কনস্টেবল মৃনাল চন্দ্র উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বরিশাল জেলা ডিবির পরিদর্শক শেখ এহতেশামুল ইসলাম বলেন, “ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে যান সাতজনের একটি দল। এ সময় আরিফ মোল্লার নেতৃত্বে একটি দল তাদের বাধা দেয়।
“ধস্তাধস্তি ও বাগবিতণ্ডার এক পর্যায়ে আরিফ মোল্লা তার কাছে থাকা মাদকের একটি পোটলা পাশের পুকুরে ফেলে দেন। তখন কনস্টেবল মৃনাল চন্দ্র সেটি উদ্ধার করতে গেলে তার মাথায় আঘাত করা হয়। এতে কনস্টেবল রক্তাক্ত জখম হন।”
ওসি রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ডিবির এসআই রাসেল বাদী হয়ে থানায় মামলা করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।