Published : 02 Apr 2026, 04:26 PM
সিরাজগঞ্জের কাজিপুর, উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার লিটার পেট্রোল ও ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব অভিযান চালানো হয় বলে জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোরে উপজেলার সোনামুখি বাজারের অনুমোদনহীন মেসার্স এস আর ফুয়েল ট্রেডার্সে অভিযান চালানো হয়। দোকান অবৈধভাবে মজুদ করা এক হাজার ৭২৯ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করা হয়।
এ সময় দোকান মালিক রৌহাবাড়ি গ্রামের আজাহার আলীর ছেলে শাহ আলম জ্বালানি সংগ্রহ এবং মজুদের স্বপক্ষে কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বলেন, বুধবার বিকালে উল্লাপাড়া উপজেলার চড়িয়া এলাকায় মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ নামের একটি তেলের দোকানে অভিযান চালানো হয়।
এ সময় দোকানে অবৈধভাবে মজুদ রাখা এক হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। পরে দোকান মালিক শাহাদত হোসেনের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শাহাদত দোকানে অবৈধভাবে মিনি পাম্প বসিয়ে তেল মজুদ ও বিক্রি করে আসছিলেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
তিনি বলেন, একই দিনে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় অভিযান চালিয়ে দুটি পানির ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা এক হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে দোকান মালিক প্রকাশ কুমার মাহাতোর কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জব্দ করা তেল পাম্প মালিকের কাছে বিক্রি করে পাওয়া টাকা সরকারি কোষাগারে জমা করা হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।