২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাশ্রমে সতী নদীতে সেতু, চার গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব

সতী নদী রাজপুর ইউনিয়নকে দুভাগে বিভক্ত করেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2025, 06:03 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

লালমনিরহাট সদর উপজেলায় স্বেচ্ছাশ্রমে মানুষ একটি ভাসমান সেতু নির্মাণ করেছেন। 

রাজপুর ইউনিয়নের মধুরাম এলাকায় সতী নদীর ওপর নির্মিত ভাসমান সেতুটি শুক্রবার উদ্বোধন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সেতুটি নির্মাণে যুবদল উদ্যোগ নিয়েছিল। 

সতী নদী রাজপুর ইউনিয়নকে দুভাগে বিভক্ত করেছে। নদী পারাপারের জন্য এতদিন ডিঙি নৌকার উপর নির্ভর করতে হত স্থানীয়দের। ইউনিয়ন পরিষদ ও স্কুল-কলেজে পৌঁছাতে চারটি গ্রামের মানুষকে অতিরিক্ত চার থেকে পাঁচ কিলোমিটার পথ ঘুরে যেতে হত। 

উদ্যোক্তারা বলেন, তিস্তা নদীর পানির ওঠানামার সঙ্গে সতী নদীর পানির মাত্রাও পরিবর্তিত হয়। সেখানে তাই স্থায়ীভাবে বাঁশ বা কাঠের সেতু নির্মাণ সম্ভব হয়নি। বিকল্প হিসেবে বাঁশ, কাঠ ও ড্রাম ব্যবহার করে ৮০ মিটার দীর্ঘ ভাসমান সেতুটি নির্মাণ করে দুই পাড়ের মানুষ। 

স্থানীয় বাসিন্দা আজগার আলী বলেন, “এখন আর ঘুরে যেতে হবে না। ধান-গম ঘরে তুলতে আর কষ্ট হবে না। এলাকার যুবকদের এই উদ্যোগে আমাদের অনেক উপকার হয়েছে।”

গৃহিনী আনিছা বেগম বলেন, “আমাদের এলাকার বাচ্চাদের অনেক কষ্ট করে ঘুরে স্কুলে যেতে হত। এখন আর সে কষ্ট নেই। সেতুটি আমাদের বড় উপকার করেছে।”

রাজপুর ইউনিয়ন যুবদলের সম্পাদক আনোয়ার হোসেন বলেন, “সেতু নির্মাণের দাবি বহু বছরের। সরকার না করায় আমরা স্বেচ্ছাশ্রমে এই ভাসমান সেতু তৈরি করেছি।”

জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, “তিস্তার সঙ্গে পানির সংযোগ থাকার কারণে ভাসমান সেতুই ছিল একমাত্র উপায়। পানি বাড়া-কমার ওপর সেতুর স্থায়িত্ব যাতে থাকে, সেই হিসেবেই ড্রাম দিয়ে এটি তৈরি করা হয়েছে।”

উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, “মানুষের কষ্ট লাঘব করা আমাদের দায়িত্ব। যুবদলের উদ্যোগে নির্মিত এ সেতু দুই পাড়ের মানুষের মাঝে সেতুবন্ধন তৈরি করেছে। ভবিষ্যতে সুযোগ পেলে এখানে স্থায়ী সেতু নির্মাণ করা হবে।”