২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে চড় দেওয়ায় শ্বশুরকে ‘হত্যার পর লাশ’ খালে ফেলেন যুবক

পরদিন তিনি শ্বশুর বাড়িতে গেলেও তার অসংলগ্ন কথাবার্তায় সবার সন্দেহ হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 04:14 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চড় দেওয়ায় শ্বশুরকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তার দেওয়া তথ্য অনুযায়ী কচুরিপানা ভর্তি খাল থেকে নিখোঁজ শ্বশুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার রাতে উপজেলা আহুতি বাটরা গ্রামের একটি নির্জন এলাকার খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম জানিয়েছেন। 

নিহত অখিল হালদার (৫০) উপজেলার রামানন্দের আক গ্রামের বাসিন্দা মণিমোহন হালদারের ছেলে ও পেশায় গরুর দুধ বিক্রেতা ছিলেন। বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

তার মেয়ে জামাতা কৃষ্ণ বাড়ৈ (২৫) উপজেলার বাকাই গ্রামের কানাই বাড়ৈর ছেলে। 

আগৈলঝাড়া থানার ওসি অলিউল ইসলাম বলেন, বুধবার শ্বশুর অখিল হালদারের সঙ্গে ভ্যান কিনতে গিয়েছিলেন জামাই কৃষ্ণ বাড়ৈ। কিন্তু ভ্যান বিক্রেতা ফোন না ধরায় সেটা কেনা হয়নি। 

সেদিন রাতে অখিল হালদার বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজা শুরু হয়। বিষয়টি কৃষ্ণ বাড়ৈকে জানিয়ে তাকে শ্বশুর বাড়িতে আসতে বললেও তিনি আসেননি। 

পরদিন তিনি শ্বশুর বাড়িতে গেলেও তার অসংলগ্ন কথাবার্তায় সবার সন্দেহ হয়। পরে অখিলের স্ত্রী বিউটি হালদার থানায় জিডি করলে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিকতর তদন্ত শুরু করে।

এ সময় নিখোঁজের আগে অখিল ও জামাতা কৃষ্ণ বাড়ৈর ফোনের লোকেশন একই স্থানে দেখতে পায় পুলিশ। এছাড়া ডাসার থানার পাথুরিয়ারপাড় এলাকার একটি দোকানের সিসিটিভি ফুটেজে কৃষ্ণ বাড়ৈকে শ্বশুরের দুধের কলসসহ ভ্যান চালিয়ে মাদারীপুরের দিকে যেতে দেখা যায়। 

পরে কৃষ্ণ বাড়ৈকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শ্বশুরকে হত্যার কথা স্বীকার করেন।

কৃষ্ণ বাড়ৈ পুলিশকে বলেন, ফেরার পথে শ্বশুরের সঙ্গে তার তর্ক হয়। এ সময় শ্বশুর তাকে চড় দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে শ্বশুরকে চড় দেন এবং তার বুকের উপর উঠে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে শ্বশুরের মরদেহ আহুতি বাটরা গ্রামের কচুরিপানা ভরা খালে ফেলে দেন।

এছাড়া শ্বশুরের দুধের কলস ও ভ্যান নিয়ে মাদারীপুর বিক্রি করেন বলেও পুলিশকে জানান কৃষ্ণ বাড়ৈ। 

পরে তার দেখানো স্থান থেকে অখিল হালদারের অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় প্রথমে জিডি ও পরে থানায় মামলা করেছেন অখিলের স্ত্রী বিউটি হালদার। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য কৃষ্ণ বাড়ৈকে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া মাদারীপুরে বিক্রি করা ভ্যানও উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।