সিলেটে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
ঘটনার পর স্থানীয় জনতা রাস্তা অবরোধ করলেও হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে সড়ক ছেড়ে দেন।
সিলেট-তামাবিল মহাসড়কে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছে।
বুধবার দুপুরের দিকে জৈন্তাপুর উপজেলার উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান।
নিহত ২০ বছর বয়সী রুমেল আহমেদ উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের হোসেন আহমদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি হাবিবুর রহমান বলেন, “রুমেল আহমদ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে চিকনাগুল উমনপুর টার্নিং পয়েন্টে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এ সময় রুমেল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ওসি বলেন, মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
এদিকে ঘটনার পর স্থানীয় জনতা রাস্তা অবরোধ করলেও হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে সড়ক ছেড়ে দেন বলে জানান ওসি।
