Published : 01 Sep 2026, 11:28 PM
রাজবাড়ীর পাংশা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় ব্যানার ধরা নিয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় একজন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে পাংশা শহরের কালীবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।
আহত আব্দুল ওহাব উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিএনপির নেতাকর্মীরা বলেন, শোভাযাত্রায় ব্যানার ধরা নিয়ে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওহাবের সঙ্গে কথা কাটাকাটি হয় সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খানের। সে সময় লিয়াকত আলী খান ও তার ছেলে শাহ নেওয়াজ খান শুভসহ কয়েকজন আব্দুল ওহাবকে কিল-ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাদের সরিয়ে দেন। পরে আহত আব্দুল ওহাবকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ বিষয়ে জানতে বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খানের মোবাইলে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।
জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, “ব্যানার ধরা নিয়ে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়। তাৎক্ষণিক নেতাকর্মীরা তাদের সরিয়ে দেয়।”
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।