লক্ষ্মীপুরে বসতঘরে আগুন, ঘুমন্ত ৪ মাসের আয়াতের মৃত্যু
এতে তিনটি ঘর পুড়ে ছাই হয়েছে।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বসতঘরে আগুন লেগে ঘুমন্ত চার মাসের এক শিশুর প্রাণ গেছে। এ ছাড়া পুড়ে গেছে আরও দুটি ঘর।
মঙ্গলবার বিকালে রামগঞ্জ পৌরসভার নরিমপুরের মধ্য টামটা ইয়াছিন মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান রামগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পিয়াস চন্দ্র সরকার।
নিহত আয়াত একই বাড়ির দুলাল মিয়ার ছেলে।
খবর পেয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম ও রামগঞ্জ থানার ওসি ফিরোজ আহম্মদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।
ফায়ার সার্ভিস ও স্বজনরা জানান, দুপুরে খাবার শেষে শিশুটিকে ঘরে রেখে বাহিরে যান দুলাল। বিকালে ফিরে দেখেন ঘরে আগুন জ্বলছে। এক পর্যায়ে আগুন ঘরে থাকা গ্যাস সিলিন্ডারেও লেগে যায়। আগুন প্রতিবেশী শহীদ উল্লাহ ও সিরাজ মিয়ার ঘরেও ছড়ায়।
খবর পেয়ে রামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে এর আগেই তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে ঘরে ঘুমিয়ে থাকা শিশু আয়াত পুড়ে মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘরগুলোর ভেতরে তিনটি গ্যাস সিলিন্ডার ছিল। এর মধ্যে দুটি খালে থাকলেও অন্যটিতে গ্যাস ছিল। চারটি ঘরে আগুন লাগে। এর মধ্যে তিনটি ঘর পুড়ে ছাই হয়েছে।
ফায়ার ফাইটার পিয়াস চন্দ্র সরকার বলেন, দুলাল মিয়ার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে এক শিশু মারা গেছে। আগুনে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।
ইউএনও ফারাশিদ বিন এনাম বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এ ছাড়া তাদেরকে ঢেউটিনসহ আরও আর্থিক সহযোগিতা করা হবে।
