২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে পিটিয়ে হত্যা, ভাই আটক

আগের রাতে পিটিয়ে আহতের পরদিন সকালে জ্যোতি বাড়িতে মারা যান বলে জানায় পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2025, 08:05 PM

Updated : 26 Aug 2026, 11:34 AM

শেরপুর সদর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের এক বড় ভাইকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা বলে জানান শেরপুর সদর থানার এসআই আনোয়ার হোসেন।

নিহত জ্যোতি (২৭) ওই গ্রামের রেজাউল করিম ওরফে বাবুলের মেয়ে। আটক জাহাঙ্গীর আলম জনি জ্যোতির আপন ভাই।

এসআই আনোয়ার হোসেন বলেন, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর থেকে জ্যোতি বাবার বাড়িতে থাকতেন। শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে পারিবারিক কলহের জেরে জ্যোতিকে পিটিয়ে আহত করেন জাহাঙ্গীর। পরদিন সকালে জ্যোতি বাড়িতে মারা যান। 

খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল গিয়ে জ্যোতির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।

এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই আনোয়ার।