২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৪ জেলে গ্রেপ্তার

তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে, বলেন বন কর্মকর্তা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2025, 03:54 PM

Updated : 26 Aug 2026, 11:56 AM

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের আওতাধীন অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে সুন্দরবনে চার জেলেকে গ্রেপ্তার করেছে বনবিভাগ।

শুক্রবার বিকালে সাতক্ষীরা রেঞ্জ এর পুষ্পকাটি অভয়ারণ্য এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বনবিভাগের স্মার্ট পেট্রোল টহল টিমের টিম লিডার নির্মল কুমার (ফরেস্টার) জানান।  

গ্রেপ্তাররা হলেন- সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ গ্রামের সামসুর রহমান গাজীর ছেলে আহমাদ আলী গাজী (৫০), সেন্ট্রাল কালিনগর গ্রামের মোসলেম উদ্দিন বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর হায়দার (৫৩), মোন্তেজ আলী গাজীর ছেলে আতহার আলী (৪৫) ও দক্ষিণ কদমতলা গ্রামের মো. ইসমাইল গাজীর ছেলে আব্দুল করিম (৩৮)।

নির্মল কুমার বলেন, পশ্চিম সুন্দরবনের মাছ ধরা সরঞ্জাম ও দুটি নৌকাসহ চার জেলেকে গ্রেপ্তার করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টহল টিম। প্রতিদিনের মতো টহল দেওয়ার সময় মাছ ধরা অবস্থায় তাদের পুষ্পকাটি খাল এলাকা থেকে গ্রেপ্তার করেন তারা।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, চার জেলের কাছ থেকে দুটা নৌকা ও মাছ ধরা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে তাদের।

তবে স্থানীয় বনজীবী শামীমসহ অন্যরা বলছেন, তাদের কাছে ‘বন বিভাগ’ টাকা চাইলে দিতে না পারায় তাদের ‘ভয়ভীতি’ দেখায় এবং পরে মিথ্যে অভিযোগ দেখিয়ে গ্রেপ্তার করে।

এ বিষয়ে জানতে সাতক্ষীরা রেঞ্জ অফিসার মসিউর রহমানের মোবাইল ফোনে একাধিক বার ফোন দেওয়া হলেও তিনি সাড়া দেন নাই।