Published : 23 May 2026, 05:20 PM
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাত মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শনিবার সকালে পৌরসভার আনসার রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার এসআই মো. ওবায়দুল হক।
মৃত শাকিলা আক্তার (২৭) দিনাজপুরের বিরামপুর উপজেলার শিমুলতলী গ্রামের মো. সাইদুর রহমানের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে ওই বাসায় থাকতেন।
আটক রাজু আহাম্মদ (৩০) রংপুরের কাউনিয়া উপজেলার মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, প্রায় এক বছর আগে ফেইসবুকের মাধ্যমে পরিচয় থেকে রাজুর সঙ্গে শাকিলার বিয়ে হয়। পরে তারা শ্রীপুরে আনসার রোড এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে ভাড়া ওঠেন। রাজু স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। শাকিলা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
শাকিলার বড় বোন সাবিনা ইয়াছমিন বলেন, ভোর সাড়ে ৪টার দিকে শাকিলার মৃত্যুর খবর পান তারা। ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান তিনি। এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
আটক রাজু আহাম্মদের বরাতে এসআই ওবায়দুল বলেন, “রাতে টাকা-পয়সা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে শাকিলা বটি দিয়ে রাজুকে আঘাত করার চেষ্টা করলে তিনি বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে ছাদে চলে যান। ফিরে এসে শাকিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান রাজু।”
এসআই ওবায়দুল হক বলেন, রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বজনদের অভিযোগ ও ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।