২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ইজিবাইকে বাসের চাপায় নিহত ২

পুলিশ বলছে, ইজিবাইকটি ফরিদপুরগামী লেন থেকে মাগুরাগামী লেনে উঠলে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2024, 12:12 PM

Updated : 26 Aug 2026, 09:49 AM

ফরিদপুরে বাস চাপায় ইজিবাইকের দুই আরোহীর মৃত্যু হয়েছে;আহত হয়েছেন আরও অন্তত নয়জন।

ঢাকা-মাগুরা মহাসড়কের মধুখালী বাজার এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান। 

নিহতরা হলেন-ঝালকাঠির নলছিটি উপজেলার কান্ডুপাশা গ্রামের বাবুর আলীর ছেলে সুমন আলী (৩৮) ও বরিশাল সদরের সারুখালী এলাকার সিরাজ হাওলাদার (৬০)। 

আহতরা হলেন-কান্ডুপাশা গ্রামের মিলন (৩২), মিম (৩), সোনালি (৬), জসিম (৩২), শিরিন (৩০), শারমিন বেগম (২৫), বরিশাল সদরের সারুখালীর লিজা বেগম (৪৫), একই জেলার বারইকান্দী এলাকার রাহাত বেপারী (২৫) ও ফরিদপুর সদরের পূর্ব গঙ্গাবর্দী এলাকার শামচু শেখ (৪০)।

ওসি সালাউদ্দিন বলেন, “মধুখালী বাজার থেকে একটি ইজিবাইক গোন্দারদিয়ায় যাওয়ার জন্য ফরিদপুরগামী লেন থেকে মাগুরাগামী লেনে ওঠে। এ সময় ঢাকামুখী ‘পূর্বাশা পরিবহনের’ একটি বাস নিজ লেন ছেড়ে মাগুরাগামী লেনে উঠে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।”

খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।  

বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।