২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি প্রকল্পের বালু লুট, নারায়ণগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার হাফিজুর রহমান রূপগঞ্জের তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2024, 07:33 PM

Updated : 26 Aug 2026, 10:43 AM

সরকারি প্রকল্পের বালু লুটের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার গন্ধর্বপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। 

গ্রেপ্তার হাফিজুর রহমান পিন্টু (৫০) রূপগঞ্জের তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক।

২৩ সেপ্টেম্বর উপজেলার গন্ধর্বপুর এলাকায় ওয়াসার পানি পরিশোধনের একটি প্রকল্পের দুই ট্রাক বালু লুট হয়। ওই ঘটনায় প্রকল্পের ইনচার্জ আকন্দ রিয়াদ মোর্শেদ বিএনপি নেতা হাফিজুর ও তার লোকজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, মেঘনা নদী থেকে রাজধানীতে পানি সরবরাহের জন্য গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজ চলছে। কাঞ্চন নলপাথর এলাকা থেকে প্রকল্পের জন্য বালু নিয়ে আসা হয়।

২৩ সেপ্টেম্বর নলপাথর থেকে দুটি ট্রাক ভর্তি করে বালু নিয়ে আসার সময় হাফিজুর রহমান লোকজন নিয়ে সেগুলো লুট করেন। যার মূল্য ২৭ হাজার টাকা। পরে বালুগুলো নিজের জায়গায় নামিয়ে রেখে ট্রাকগুলো ছেড়ে দেন।

অভিযোগে আরও বলা হয়, এ বিষয়ে জানাজানি হলে ট্রাক চালক ও প্রকল্পের বড় ধরনের ক্ষতি হবে বলে হুমকি দেন। পরে ট্রাক চালকরা এসে প্রকল্পের ক্যাম্প ইনচার্জকে বিষয়টি জানালে তিনি থানায় অভিযোগ করেন। পরে বিষয়টি সেনাবাহিনীর নজরে আনা হয়।

ওসি লিয়াকত আলী বলেন, মামলায় গ্রেপ্তার হাফিজুরকে আদালতে পাঠানো হয়েছে।