২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ধসে যাওয়া ৩ সেতু সংস্কার হয়নি, মানুষের ভোগান্তি

কচুরিপানার চাপে বর্ষার পানি নেমে যেতে না পারায় এসব সেতু ধসে গেছে বলে স্থানীয়দের ভাষ্য।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 01:02 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বেত্রবতী নদীতে একই দিনে ধসে যাওয়া তিন সেতু এক সপ্তাহেও সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। ভোগান্তি পোহাচ্ছেন পৌরসভার তিনটি ওয়ার্ড ও ছয় ইউনিয়নের বাসিন্দারা।

সেতুর মুখে কচুরিপানার চাপে বর্ষার পানি নেমে যেতে না পারায় সেগুলো ধসে গেছে বলে স্থানীয়দের ভাষ্য।

ক্ষতিগ্রস্ত দুটি কাঠের সাঁকো সংস্কারের দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কলারোয়া পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম। 

এ ছাড়া উপজেলার পশুর হাটের পাশের ধসে যাওয়া সেতুটির পাশে নতুন করে আরেকটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সাতক্ষীরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ।

এর আগে ১৯ সেপ্টেম্বর উপজেলার পশুর হাট সংলগ্ন বেইলি সেতু, কাঁচা বাজার ও মাছ বাজারের পাশে কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত সাঁকো এবং গোপিনাথপুর তারকনন্দীতে কাঠের বড় একটি সেতু ধসে পড়ে।

এতে পৌর এলাকার সঙ্গে তিনটি ওয়ার্ড এবং উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়ন প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, থানা, শিক্ষাপ্রতিষ্ঠান, পৌরসভাসহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যেতে পারছেন না সাধারণ মানুষ। 

এ ছাড়া কলারোয়ার সঙ্গে যশোরের কেশবপুর, মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলা এবং সাতক্ষীরার তালা উপজেলার আঞ্চলিক সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসব এলাকায় প্রায় সাত লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

কলারোয়া পৌর এলাকার রেজাউল ইসলাম বলেন, নদীজুড়ে সবটাই কচুরিপানায় ভরা। নদী খননে চলছে গড়িমসি। তার উপর দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ঠিকাদার সময় মতো সেতু নির্মাণ কাজ শেষ করতে পারেননি। 

সংশ্লিষ্ট দপ্তরের গড়িমসির কারণে এ সমস্যা পোহাতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

স্থানীয় ব্যবসায়ী নাজমুস সাহাদাত বলেন, কয়েক বছর ধরে নদী খনন কাজ চললেও পরিচ্ছন্নতায় তেমন উদ্যোগ নেওয়া হয়নি। যার ফলে কচুরিপানার চাপে বর্ষার পানি নেমে যেতে না পারায় সেতু ভেঙে গেছে। 

নদী পরিচ্ছন্নতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহিতার অভাবকে দায়ী করেছেন তিনি।

বেত্রবতী বেইলি সেতুর পূর্ব পাশ দেবে গিয়ে নদীর সঙ্গে মিশে গেছে। পূর্ব পাশে সেতুর ওপর দিয়ে তিন থেকে চার ফুট উচ্চতায় পানির স্রোত বয়ে যাচ্ছে।

তবে পারাপারে স্বেচ্ছাশ্রমে নদীতে জমে থাকা কচুরিপানা জমাটবদ্ধ করে হাঁটার পথ তৈরি করেছেন স্থানীয়রা। বর্তমানে সংকীর্ণ পথ দিয়ে হেঁটে সারিবদ্ধভাবে মানুষ নদী পার হচ্ছেন। তবে বন্ধ রয়েছে সব ধরনের যানচলাচল।

অপরদিকে কলারোয়ার কাঁচা বাজার ও মাছ বাজার সংলগ্ন কাঠ ও বাঁশের তৈরি সাঁকো এবং গোপিনাথপুর তারকনন্দীতে ড্রাম ব্যবহার করে বিকল্প একটি ভাসমান সেতু স্থাপনে কাজ চলমান রয়েছে।

সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, কয়েক বছর আগে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া বেত্রাবতী নদীর ওপরের সেতুটি নতুন করে নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৪৮ মিটার দৈর্ঘ্য ও ১০ দশমিক ২৫ মিটার প্রস্থের সেতুটি নির্মাণের জন্য ব্যয় ধরা হয় ছয় কোটি ৪৮ লাখ টাকা।

কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ। ২০২১ সালের ১৪ এপ্রিল সেতু নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। কাজটি শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ৩১ ডিসেম্বর। সময় শেষ হওয়ার পরও কাজ শেষ হয়নি।

সময়তো কাজ শেষ করতে না পারায় স্থানীয় আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিদের দায়ী করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন।

তিনি বলেন, ভেঙে যাওয়া তিনটি সেতুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পশুর হাটের সেতুটি। এই সেতুটি দিয়ে প্রতিদিন লাখো মানুষ যাতায়াত করেন। ২০২১ সালে সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা থাকলেও, তা ঠিকাদারের পক্ষে করা সম্ভব হয়নি।

চন্দন বলেন, “স্থানীয় নেতাদের চাঁদাবাজির কারণে ঠিকাদার কাজ করতে পারেননি। এ জন্য আট মাস নির্মাণ কাজ বন্ধ ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর সেতুটির নির্মাণ কাজ শুরু করেন ঠিকাদার।”

কলারোয়া পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, বেত্রবতীর ক্ষতিগ্রস্ত দুটি কাঠের সাঁকো সংস্কারে তারা ব্যবস্থা নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে দ্রুত সাঁকো দুটি সংস্কার শুরু করবেন তারা।

সাতক্ষীরা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, “ভেঙে যাওয়া সেতুর পাশে আরেকটি লোহার সেতু স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে মাগুরা থেকে সরঞ্জামাদি আনা হয়েছে।”

কয়েকদিনের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে জানান সওজের এই কর্মকর্তা।