আশিকের বাবা বললেন ‘আশা-ভরসা সব শেষ’
গত ৪ অগাস্ট জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাথায় আঘাত পাওয়ার ২৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার মৃত্যু হয়।
কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী আশিক বাবুর মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবার।
মা হারা সংসারে চার ভাই-বোনের মধ্যে আশিক বাবু ছিলেন সবার বড়।
গত ৪ অগাস্ট জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাথায় আঘাত পাওয়ার ২৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার মৃত্যু হয়। পরে কয়েক দফা জানাজা শেষে সোমবার দুপুরে কুড়িগ্রামে নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয় তার।
জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা এলাকার কৃষক চাঁদ মিয়ার ছেলে আশিক বাবু। দুই ভাই, দুই বোনের মধ্যে সবার বড় আশিক।
কুড়িগ্রাম জেলা শহরে আশিকের লাশবাহী গাড়ি পৌঁছলে সোমবার সকাল সাড়ে ৯টায় শহীদ মিনার এলাকায় জানাজার আয়োজন করে জেলা সমন্বয়করা।
পরে আশিকের শিক্ষাপ্রতিষ্ঠান পাঁচপীর ডিগ্রি কলেজ ও নিজ বাড়ির পাশের স্কুল মাঠে জানাজা শেষে সাতভিটা এলাকার স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে তার লাশ ঢাকা থেকে গ্রামের বাড়িতে পৌঁছলে শুরু হয় শোকের মাতম।
লাশবাহী গাড়ি সাতভিটা গ্রামে আশিকদের বাড়ির পাশের স্কুল মাঠে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
স্বজনদের পাশাপাশি শোকাহত এলাকাবাসী এ সময় আশিক বাবু হত্যার বিচার দাবি করেন।
স্থানীয় বাসিন্দা আব্দুস ছালাম বলেন, “আশিক খুব ভালো ছেলে ছিল। তারা দুই ভাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুড়িগ্রামে গিয়ে আহত হন। ছোট ভাই আতিকুর সুস্থ হলেও বড় ভাই আশিক মাথায় গুরুতর আঘাত পেয়ে ২৮ দিনের মাথায় ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রোববার মারা যান। আমরা তার হত্যাকারীদের চিহ্নিত করে বিচার দাবি করছি।”
কান্নাজড়িত কণ্ঠে নিহত আশিকের বাবা মো. চাঁদ মিয়া বলেন, “আমার দুই ছেলে, দুই মেয়ে। কোটাবিরোধী আন্দোলনে দুই ছেলে যোগ দিয়ে আহত হয়। ছোট ছেলে সুস্থ হলেও বড় ছেলে মারা গেছে। আমার আশা-ভরসা সব শেষ। আমি কার কাছে বিচার চাবো?”
তবে আশিকের হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীসহ স্বজনরা।
আশিক বাবুর স্মৃতি ধরে রাখতে তার শিক্ষা প্রতিষ্ঠান পাঁচপীর ডিগ্রি কলেজে তিন দিনের শোকসহ স্মৃতিফলক স্থাপনের কথা জানান অধ্যক্ষ অজয় কুমার সরকার।
অজয় কুমার সরকার বলেন, পাঁচপীর ডিগ্রি কলেজের ছাত্র আশিকের মরদেহ কুড়িগ্রামে পৌঁছানোর পর প্রথমে শহীদ মিনার ও পরে পাঁচপীর কলেজ মাঠে জানাজা পড়ানো হয়।
সর্বশেষ তার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়।
আমরা কলেজ থেকে আশিকের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছি। পাশাপাশি শহীদ আশিকের স্মৃতি ধরে রাখতে স্মৃতিফলক তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৪ অগাস্ট কুড়িগ্রাম জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একসাথে যোগ দেন বড় ভাই আশিক বাবু ও ছোট ভাই আতিকুর রহমান। এসময় সংঘর্ষে আহত হন দুই ভাই। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ছোট ভাই আতিকুর সুস্থ হয়ে উঠলেও বড় ভাই আশিকুরের মাথায় গুরুতর আঘাত লাগায় তাকে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কয়েকদিন চিকিৎসার পর রেফার্ড করা হয় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানেই রোববার দুপুরে মারা যান আশিক। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা।
রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আশিকের জানাজা শেষে লাশ পাঠিয়ে দেওয়া হয় কুড়িগ্রামের পথে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এর আগে কুড়িগ্রামের চারজন নিহত হন। তারা সবাই ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তাদের লাশ কুড়িগ্রামে নিজ নিজ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।
আরও পড়ুন:
