ছাত্র আন্দোলন: মাথায় আঘাতের ২৮ দিন পর মারা গেলেন আশিক
৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুড়িগ্রামে মাথায় আঘাত পান এই শিক্ষার্থী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাথায় আঘাত পাওয়ার ২৮ দিন পর মারা গেছেন কুড়িগ্রামের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক।
উলিপুর উপজেলার পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী ৪ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুড়িগ্রাম শহরে শাপলা চত্বরে মাথায় আঘাত পান।
কুড়িগ্রাম সদর হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। দুপুরে তিনি সেখানেই মারা যান।
আশিক উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। সাত মাস আগে তিনি বিয়ে করেন।
আশিকের ছোট ভাই আতিকুর রহমান বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। সাধারণ শিক্ষার্থী হিসেবে বিবেকের তাড়নায় ৪ অগাস্ট আমি ও ভাইয়া আন্দোলনে যোগ দিয়েছিলাম। কুড়িগ্রাম শাপলা চত্বরে আওয়ামী লীগের লোকজনের ঢিল ও পিটুনিতে আমিও আহত হই। কিন্তু ভাইয়া মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন।
“হাসপাতালে নিলেও আঘাতের কারণে তার বমি শুরু হয়, জ্বর আসে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ১৮ অগাস্ট তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত ভাইয়াকে বাঁচানো গেলো না। চিকিৎসকরা বলেছেন, আঘাতের কারণে তার মাথায় রক্তক্ষরণ হয়েছে অনেক বেশি।”
আতিক জানান, আশিকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে আনা হবে। সোমবার দাফন সম্পন্ন হবে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এর আগে কুড়িগ্রামের চারজন নিহত হন। তারা সবাই ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে তাদের লাশ কুড়িগ্রামে নিজ নিজ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।
কুড়িগ্রামে আন্দোলনে আহত হওয়ার পর আশিক প্রথম মারা গেলেন।
