২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এইচএসসি: কুড়িগ্রামে ২ কলেজে শতভাগ ফেল

“শতভাগ ফেল করার বিষয়টি দুঃখজনক। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার মান নষ্ট করছে।”

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2024, 08:13 PM

Updated : 26 Aug 2026, 10:43 AM

কুড়িগ্রামের রৌমারী ও নাগেশ্বরীতে এবারে এইচএসসি পরীক্ষায় দুটি কলেজের শতভাগ পরীক্ষার্থী ফেল করেছেন।

মঙ্গলবার সারাদেশে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

কলেজগুলো হলো-রৌমারী উপজেলার শৈলমারী এম আর স্কুল অ্যান্ড কলেজ ও নাগেশ্বরী উপজেলার গোপালপুর এম এল হাই স্কুল অ্যান্ড কলেজ।

এর মধ্যে শৈলমারী এম আর স্কুল অ্যন্ড কলেজে একজন ও গোপালপুর এম এল হাই স্কুল অ্যান্ড কলেজে ছয়জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

শিক্ষা কর্মকর্তা শামছুল আলম বলেন, “শতভাগ ফেল করার বিষয়টি দুঃখজনক। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার মান নষ্ট করছে। আমি চাই সরকার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুক।

“এই ফলাফল দিনাজপুর শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এখন মন্ত্রণালয় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।”

কুড়িগ্রাম জেলা থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ১১ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী।

এর মধ্যে ৭৪ দশমিক ৬০ শতাংশ পাসের হার নিয়ে পাস করে ৮ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৯০৩ জন।