২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অস্ত্র-গুলিসহ ‘আরসা’ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 01:22 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী; যাকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-‘আরসা’র সদস্য বলে দাবি করা হচ্ছে।

সোমবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৬ ব্লক থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী জানান।

আটক পেটান আলী (৪২) উখিয়ার হাকিম পাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লকের আলী মিয়ার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী বলছেন, পেটান মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তিনি বলেন, “অস্ত্রধারী কিছু ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশে জড়ো হয়েছে খবরে র‌্যাব, বিজিবি ও এপিবিএন পুলিশের একটি যৌথ দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি কৌশলে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়।

“তখন ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। পরে তার শরীরে তল্লাশি করে দেশীয় তৈরি একটি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়।”  

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।