ফুপুর লাশ দেখতে যাওয়ার পথে ভাজিতার মৃত্যু
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে এক শিশুর প্রাণ গেছে।
মঙ্গলবার সকালে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড়ে এ দুর্ঘটনায় আটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন বলে মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন।
নিহত দশ বছর বয়সী শিশু জিহান ইসলাম মাদারগঞ্জের জোনাইল এলাকার মামুনুর রশিদের ছেলে।
আহতরা হলেন- নিহত জিহানের মা বিথী আক্তার (৩৫), একই এলাকার ওয়াজেদ আলী ফকিরের স্ত্রী সামিরা বেগম (৫৫) ও মিজানের স্ত্রী সেলিনা বেগম (২৬)।
পুলিশ ও স্থানীয়রা বলছে, জিহান তার ফুফুর লাশ দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে অটোরিকশায় করে জামালপুর থেকে মাদারগঞ্জে যাচ্ছিল। পথে দ্রুতগতির একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে জিহানসহ আরও তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জিহানকে মৃত ঘোষণা করেন।
ওসি খন্দকার শাকের আহমেদ বলছেন, দুর্ঘটনার পর ট্রাক্টর চালককে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ট্রাক্টরসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।
আটক ১৮ বছর বয়সী চালক সুজন মিয়া মাদারগঞ্জ উপজেলার চরগোপালপুর এলাকার বিশু মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
