২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীকে মারধর, গাজীপুর ছাত্রদলের সাবেক নেতাকে অব্যাহতি

তার সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

ব্যবসায়ীকে মারধর, গাজীপুর ছাত্রদলের সাবেক নেতাকে অব্যাহতি
রমিজ উদ্দিন সৈকত

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2025, 11:53 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

এক ফল ব্যবসায়ীকে মারধরের অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক এক নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় কমিটি। 

শুক্রবার বিকালে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অব্যাহতি পাওয়া রমিজ উদ্দিন সৈকত (৩০) গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক। তার বাড়ি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামে।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর বলেছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সৈকতকে প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। 

একই সাথে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অব্যাহতিপ্রাপ্ত এই নেতার সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার বরমী ইউনিয়নের সাতখামাইর বাজারে মৌসুমি ফল ব্যবসায়ী এনামুল হক মুন্সিকে টাকা না দিয়ে তরমুজ নিতে চান সৈকত। তিনি দিতে না চাইলে তাকে মারধর করেন বলে সৈকতের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

তবে সৈকতের দাবি, তিনি সে ব্যবসায়ীকে মারধর করেননি। স্থানীয় একটি মহল সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে। তার বিরুদ্ধে আনা এই অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ বলেও দাবি করেন তিনি।

উল্টো সৈকত দাবি করেন যে ওই ব্যবসায়ী তরমুজ মেপে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। প্রতিবাদ করায় ওই ব্যবসায়ী তাকে মারধর করেছেন।