ময়মনসিংহে ডেঙ্গুতে প্রাণ গেল যুবকের
২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন।
ময়মনসিংহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮ জন।
রোববার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন চিকিৎসক মহিউদ্দিন খান।
মৃত নাজমুল হোসেন (২২) মুক্তাগাছা উপজেলার বিটিবাড়ি গ্রামের হিরা মিয়ার ছেলে।
দুপুরে মহিউদ্দিন খান বলেন, বৃহস্পতিবার নাজমুল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া তিনি ফুসফুসের ইনফেকশন (নিউমোনিয়া) ও রক্তে লবণের ঘাটতি জটিলতায় ভুগছিলেন।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা যান বলে জানান তিনি।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ১৮ জন ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ভর্তি আছেন ২৮ জন; এর মধ্যে পুরুষ ২১, মহিলা তিন ও শিশু চারজন।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হতে থাকে; তবে ১৭ সেপ্টেম্বর থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকায় ৬০ শয্যার আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয় বলে জানান ফোকাল পারসন চিকিৎসক মহিউদ্দিন।
