চুয়াডাঙ্গায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ইউপি সদস্যের কারাদণ্ড
ইউপি সদস্য আবু সিদ্দিককে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলায় ভোটারদের ভয়ভীতি দেখানোর দায়ে এক ইউপি সদস্যকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বেলা ১১টায় দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. সাইফুল ইসলাম সাইফ জানান।
দণ্ডিত আবু সিদ্দিক উপজেলার কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলী মুনছুর বাবুর সমর্থক।
নির্বাহী হাকিম সাইফুল বলেন, “সকালে উপজেলার চণ্ডিপুর এলাকায় ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেন ইউপি সদস্য আবু সিদ্দিক। ভ্রাম্যমাণ আদালত এ অভিযোগের সত্যতা পায়। পরে ইউপি সদস্য আবু সিদ্দিককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়।”
পরে তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ভোট প্রসঙ্গে সাইফুল বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি কম রয়েছে।
