২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো ‘দখলবাজকে’ ছাড় দেওয়া হবে না: সিলেট সিটি মেয়র

জলাবদ্ধতা নিরসনে দলমত নির্বিশেষে সবাইকে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

কোনো ‘দখলবাজকে’ ছাড় দেওয়া হবে না: সিলেট সিটি মেয়র
সিলেট নগরী থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর শনিবার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সিটি করপোরেশনের বর্তমান ও সাবেক মেয়র।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2024, 11:30 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

জলাবদ্ধতা থেকে সিলেট নগরীকে রক্ষায় কোনো ‘দখলবাজ’ কিংবা ‘সন্ত্রাসীকে’ ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

শনিবার বেলা ৩টায় নগরের স্টেডিয়াম এলাকায় মাদার কেয়ার হাসপাতালের পাশের বৈঠাখাল ছড়া পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। তার সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

এ সময় ছড়ায় পানি প্রবাহে বিভিন্ন প্রতিবন্ধকতা তদারকির পাশাপাশি সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন মেয়র।

আনোয়ারুজ্জামান বলেন, “নগরীর ভেতর ২৩টি ছড়া আছে। ১৯৫৬ সালের ম্যাপ ধরে আমরা কাজ করব। নগরীর সমস্ত ছড়া উদ্ধার ও খনন করে সুরমা নদীর সঙ্গে সংযুক্ত করব।

“শুধু সিটি করপোরেশন এলাকা খনন করলে হবে না। এর উৎপত্তিস্থল থেকে খনন কাজ করতে হবে।”

সাবেক মেয়র আরিফুল হককে ধন্যবাদ জানিয়ে আনোয়ারুজ্জামান বলেন, ‘তিনি আন্তরিকতার সঙ্গে আমাকে সহযোগিতা করছেন। তার ১০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কাজ করব। তিনি কোথায় কোথায় প্রতিবন্ধকতার শিকার হয়েছেন সেগুলো আমাকে অবহিত করছেন।”

‘নগর বাঁচাও, সিলেট বাঁচাও’ স্লোগানে সকলের সম্মিলিত প্রচেষ্টায় নগরীকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়ে সিটি মেয়র বলেন, “সিলেটের স্বার্থে দলমত নির্বিশেষে সবাই একমত। সিলেট নগরীর মানুষ আমাদের ভোট দিয়েছেন। আমরা জনগণের প্রতিনিধি। আমরা জনগণের কাছে দায়বদ্ধ। 

“কিছু সংখ্যক মানুষের স্বার্থে সিলেট শহর ডুবে যাবে, মানুষ ভোগান্তির শিকার হবেন, সেটা আমরা মেনে নেব না।”

ছড়া ‘দখলদারদের’ উদ্দেশে তিনি বলেন, “আপনারা নিজ নিজ দায়িত্বে ছড়া ছেড়ে দিন। না হলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ছড়া উদ্ধার করব। কাউকেই ছাড় দেওয়া হবে না। 

“সিলেট নগরী রক্ষায়, প্রবাসীদের জান মাল রক্ষায় এবং বিনিয়োগ রক্ষায় আমরা বদ্ধ পরিকর। কোনো ‘দখলবাজ বা সন্ত্রাসীকে’ ছাড় দেওয়া হবে না।”

পরিদর্শনে গিয়ে সাবেক মেয়র আরিফুল হক বলেন, “সিলেট রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রতির নগরী। বহু বছর ধরে দেখছি নগরীর মানুষ পানিবন্দি হয়ে তাদের মালামাল নষ্ট হয়ে যায়, এটি আর দেখতে চাই না। তবে এর দায়ভার একা সিটি করপোরেশনের নয়।

“সরকারি প্রতিষ্ঠানসহ কিছু ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান নগরীর যেসব ছড়া ও খাল দখল করে রেখেছেন, তারা যদি এগুলো ছেড়ে দেন, তাহলে তাদের স্বাগত জানাব। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বর্তমান মেয়র।”

দখল হওয়া ছড়াগুলো উদ্ধার করা গেলে সিলেটবাসী বন্যার কবল থেকে অনেকটা রক্ষা পাবেন বলে মত সাবেক এই মেয়রের।

এ সময় সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. মখলিছুর রহমান কামরান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

নামছে বন্যার পানি, ছড়াচ্ছে দুর্গন্ধ

সিলেট নগরীর বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ড্রেনে আটকে থাকা ময়লা-আবর্জনার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ।

নগরের যেসব এলাকা থেকে পানি নেমে গেছে, সেইসব এলাকায় শনিবার বিকাল থেকে পরিষ্কার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।

সরেজমিনে নগরের শেখঘাট, লামাপাড়া, বেতেরবাজার, কাজিরবাজার, তালতলা, যতরপুর ও সোবাহানীঘাট এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তাঘাট ও বাসা-বাড়িতে জমে থাকা বন্যার পানি নেমে গেছে। তবে নগরের ড্রেনগুলোতে ময়লা-আবর্জনার স্তূপ রয়েছে। আর এতে প্লাবিত এলাকার চারপাশে দুর্গন্ধ ছড়িয়েছে।

এ ছাড়া নগরীর সোবাহানী ও যতরপুরের বাসা-বাড়ির সামনে কালো ময়লাযুক্ত পানি জমে থাকতে দেখা গেছে।

নগরীর শেখঘাট এলাকার বেতেরবাজারের বাসিন্দা পারভেজ মিয়া বলেন, “শুক্রবার সকালে বাসার পানি নেমে গেছে; তবে বেড়েছে দুর্গন্ধ। আমাদের পাড়ার চারপাশে ময়লা-আবর্জনা জমে আছে। দ্রুত পরিষ্কার না করলে আমরা অসুস্থ হয়ে যাব। এ ছাড়া নীচু জায়গায় আটকে আছে কালো পানি।”

যতরপুর এলাকার বাসিন্দা আব্দুল মান্নান বলেন, “পাড়ার বেশিরভাগ রাস্তার পানি নেমে গেছে। তবে কোথাও-কোথাও পায়ের গোড়ালি পর্যন্ত পানি থাকলেও তা দ্রুত নেমে যাবে।

“কিন্তু আমাদের পাড়ার অনেক বাসার সামনে ময়লাযুক্ত পানি জমে আছে। এই পানিতে চলাচল করলে চর্মরোগ হবে। সেখান থেকে দুর্গন্ধও ছড়াচ্ছে।”

একই এলাকার মুদি দোকানি আরমান হোসেন বলেন, ‘দুর্গন্ধের জন্য টেকা যায় না। দ্রুত কিছু না করলে অসুস্থ হয়ে যাব। কিছুদিন আগেও এ রকম হয়েছিল; আমাদের বন্যা থেকে রক্ষার জন্য স্থায়ী কিছু করা দরকার।”

রোববার থেকে ব্যাপক আকারে নগরের ময়লা-আবর্জনা পরিষ্কার ও ময়লাযুক্ত এলাকায় ব্লিচিং পাউটার ছিটানো হবে বলে জানান সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।