২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্র্যাফিক নিয়ন্ত্রণ-আলপনা-গাছ লাগানো-পরিষ্কারে শিক্ষার্থীরা

গোটা শহরেই এমন দৃশ্য চোখে পড়েছে। এ সব কাজে শহরবাসীও খুশি।

বিডিনিউজ২৪

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2024, 03:12 AM

Updated : 26 Aug 2026, 10:12 AM

রাস্তায় ট্র্যাফিক না থাকায় শিক্ষার্থীরাই পালন করছেন গাড়ি নিয়ন্ত্রণের দায়িত্ব। কেউবা আঁকছেন দেয়ালে আলপনা, বিজয়ের ছবি, কেউবা পরিষ্কার করছেন শহর। আবার আন্দোলনের সময় সড়ক বিভাজকের গাছ নষ্ট হওয়ায় নতুনভাবে রোপনে ব্যস্ত অনেকে।

চারদিন হল বগুড়া শহরে নেই ট্র্যাফিক। শহরের সাতমাথা, ইয়াকুবিয়ার মোড়, পিটিআই মোড়, জ্বলেশ্বরীতলা মোড়, সার্কিট হাউস মোড়, বড় গোলা মোড়সহ গুরুত্বপূর্ণ মোড়ে শিক্ষার্থীরা সুন্দর ভাবে পরিচালনা করছে যানচলাচল। 

ইজিবাইক চালক, রিকশা চালক, সিএনজি অটোরিকশা চালকসহ সবাই খুশি শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ডে। 

কেউ হেলমেট ছাড়া মোটরসাইকেল চালালে তাকে বিনয়ের সাথে বলা হচ্ছে আপনি অপরাধ করেছেন। হেলমেট ছাড়া বাইক চালাবেন না। যেহেতু আপনি অপরাধ করেছেন তাই আমাদের সাথে ১০ মিনিট ট্রাফিকের দায়িত্ব পালন করে তারপর চলে যান।

রিকশাচালক তসলিম উদ্দিন বলেন, “ভাই, কোনো অসুবিধা হচ্ছে না। ট্রাফিকের মত ওরা দক্ষ না হলেও সমস্যা নেই। ভালোই নিয়ন্ত্রণ করছে। তবে ট্রাফিকের প্রয়োজন।” 

শহরের দেয়ালে দেয়ালে ছবি ও আলপনা আঁকতে ব্যস্ত এক ঝাক তরুণ- তরুণী। কাশফিয়া নামের এক তরুণী জানাল, শহরের বিভিন্ন দেয়াল, ভবনে রাজনৈতিক স্লোগান, সামাজিক, ব্যাবসায়িক সংগঠন, কোচিং সহ অন্যান্য পোস্টারে নোংরা দেখাচ্ছিল। আমরা সেই সব নোংরা আবর্জনা দূর করে সুন্দর করে তুলতে চাই শহর। তাই আমাদের এই প্রয়াস। 

সড়ক বিভাজকে অনেক গাছও আন্দোলনের সময় নষ্ট হয়ে যায়। ওইসব জায়গায় গাছ লাগাতেও দেখা যায় কোনো শিক্ষার্থীকে। এছাড়াও টায়ারের আগুন, ইট-পাটকেল সহ অন্যসব আবর্জনাও পরিষ্কার করতে দেখা যায়। গোটা শহরেই এমন দৃশ্য চোখে পড়ে। এ সব কাজে শহরবাসীও খুশী।