২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাইক আরোহীকে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস, বিএনপি নেতার মৃত্যু

নাটোরের বনপাড়া পৌরসভা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পেছন থেকে ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয় বলে জানায় পুলিশ।

বাইক আরোহীকে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস, বিএনপি নেতার মৃত্যু
নিহত আব্দুল আজিজ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 11:38 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আরোহী বিএনপি নেতাকে চাপা দিয়ে মোটরসাইকেল এক কিলোমিটার টেনে নিয়ে গেছে একটি বাস।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান।

নিহত আব্দুল আজিজ পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ি কলকটি এলাকার রুস্তুম আলী মণ্ডলের ছেলে। তিনি ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ওসি মনিরুজ্জামান বলেন, আব্দুল আজিজ বনপাড়া পৌরসভা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পেছন থেকে যমুনা লাইনের ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে আরোহী পড়ে গেলেও বাসের চাকায় মোটরসাইকেলটি আটকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত চালক নিয়ে যান বলে জানান তিনি।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।