শিশু মুনতাহা হত্যা: রিমান্ড শেষে কারাগারে ৪ আসামি
পরিদর্শক বলেন, “প্রধান আসামি মার্জিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলেও দেননি।”
সিলেটে আলোচিত ছয় বছরের শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলায় চার আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে সিলেটের বিচারিক হাকিম আদালতে হাজির করা হয় বলে সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জমশেদ আলম জানান।
আসামিরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের আলিফজান (৫৫), তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকার ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।
পরিদর্শক বলেন, “প্রধান আসামি মার্জিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলেও দেননি। ফলে পাঁচ দিনের রিমান্ড শেষে চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। প্রয়োজন মনে করলে পুলিশ আবার তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করবে।”
৩ নভেম্বর নিখোঁজ হওয়ার সাত দিন পর মাটিতে পুঁতে রাখা অবস্থায় শিশু মুনতাহার অর্ধগলিত মরদেহ বাড়ির পাশের খাল থেকে উদ্ধার করে পুলিশ। ১১ নভেম্বর মুনতাহা হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া চার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এর আগে মুনতাহার বাবা শামীম আহমদ ৯ নভেম্বর কানাইঘাট থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন।
আরও পড়ুন:
