হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর পর গোপালগঞ্জে কমিটি, আইসিইউর সিদ্ধান্ত
১০ মাসের তুবা ইসলাম শুক্রবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
হামের উপসর্গ নিয়ে মুকসুদপুরের ১০ মাসের শিশুর মৃত্যুর পর গোপালগঞ্জ জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে বিষয়টি তদন্তে কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
এ ছাড়া জেলার সব হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে নীবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ খোলার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
মুকসুদপুর উপজেলার টেংরাখোলা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের তুহিন শেখ ও নাজমা বেগম দম্পতির তৃতীয় সন্তান ১০ মাসের তুবা ইসলাম তোহা শুক্রবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এরপর সোমবার জেলা সিভিল সর্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তাদের নিয়ে সমন্বিত সভায় বসেন। সেখানে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের সমন্বয়ে কমিটি গঠন করে দেন।
পরে সিভিল সার্জন সাংবাদিকদের বলেন, “কমিটির সদস্যরা মঙ্গলবার ওই এলাকায় (মুকসুদপুর) যাবেন। এ ব্যাপারে তথ্য সংগ্রহ করবেন। এ ছাড়া সন্দেহভাজন রোগী থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন।”
চিকিৎসকদের পাশাপাশি মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের জ্বরে আক্রান্তদের পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সিভিল সার্জন।
তিনি বলেন, “এই মুহূর্তে গোপালগঞ্জের কোনো হাসপাতালে হামে আক্রান্ত রোগী ভর্তি নেই। জ্বর নিয়ে কিছু শিশু ভর্তি আছে। তাদের মধ্যে হামের কোনো উপসর্গ নেই। গোপালগঞ্জের হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। এখানে হামসহ সব ধরনের রোগের ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রয়েছে।”
তুবার মৃত্যুর বিষয়ে যা জানা গেল
তুবা ইসলাম তোহার মা নাজমা বেগম সাংবাদিকদের বলেন, ১৯ মার্চ তুবা জ্বরে আক্রান্ত হয়। ২০ মার্চ জ্বরের সঙ্গে তার হালকা শ্বাসকষ্ট দেখা দেয়। তখন তাকে মুকসুদপুর ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায় পরিবার। জরুরি বিভাগের চিকিৎসক সুমন সাহা তাকে চিকিৎসা দেন। কিন্তু তাতে কোনো পরিবর্তন হয়নি।
২৪ মার্চ মেয়েকে স্থানীয় সেবা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার ও ক্লিনিকে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. কামাল হোসেনের কাছে নিয়ে যান বাবা-মা। তিনিও বিভিন্ন প্রকার ওষুধ লেখে ব্যবস্থাপত্র দেন। কিন্তু তাতেও কোনো ফল আসেনি। বরং শিশুটির জ্বর, শ্বাসকষ্ট আরো বেড়ে যায়। সারা শরীরের লাল লাল র্যাশ দেখা দেয়।
নাজমা বেগম বলেন, “২৬ মার্চ সকাল ৯টায় প্রচণ্ড অসুস্থ অবস্থায় আবার মেয়েকে উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। তখন চিকিৎসক মিজানুর রহমান মেয়ের অবস্থা খারাপ দেখে অক্সিজেন সাপোর্ট দেন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে অক্সিজেন সাপোর্ট দেন এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা করান। পরে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করেন।
“আমরা সরকারি হাসপাতালের সেবায় অসন্তুষ্ট ছিলাম। এ কারণে মেয়েকে এক আত্মীয়ের মাধ্যমে ঢাকার মালিবাগে বিএনকে লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করি। ওখানকার চিকিৎসক আমার বাচ্চাকে আইসিইউ সাপোর্ট ও চিকিৎসা দেন। তখন কিছুটা উন্নতি দেখা যায়।
“কিন্তু ২৭ মার্চ দুপুর ১২টায় আমার কোলের মধ্যে আমার আদরের ধন নিস্তেজ হয়ে হাত-পা ছেড়ে দেয়। তখন আমি চিৎকার দিলে ওখানকার চিকিৎসকরা নানাভাবে চেষ্টা করেন, কিন্তু সব চেষ্টা বিফলে যায়।”
তুবার বাবা তুহিন শেখ বলেন, “আমার সন্তানকে মুকসুদপুর হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ ও ঢাকায় বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েছি। কিন্তু কোনো চিকিৎসায়ই কাজ হল না। আমার সোনার টুকরা আমাদের ছেড়ে চলে গেল।”
শুক্রবার হোগলাডাঙ্গা গ্রামের স্থানীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে তুবাকে দাফন করা হয়।
‘শিশুটির মৃত্যুর কারণ জানা জরুরি’
টেংরাখোলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী খোরশেদা মল্লিক ডলি বলেন, “জন্মের পর থেকে শিশুটিকে রুটিন মাফিক টিকা দেওয়া হয়। ২৫ মার্চ শিশুটিকে হামের টিকা দেওয়ার জন্য আমি তুহিন শেখের বাড়িতে যাই। তখন তুহিন শেখের স্ত্রী নাজমা বেগম জানান, তার বাচ্চা অসুস্থ। তাই আমি হামের টিকা দেইনি। তাদের বলে আসি, ২৫ এপ্রিল আবার টিকা দিতে আসব। পরে জানতে পারি শিশুটি মারা গেছে।”
মুকসুদপুর ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান ইসলাম শোভন বলেন, “জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট ও হামের উপসর্গ নিয়ে শিশুটি হাসপাতলের জরুরি বিভাগে ২০ ও ২৬ মার্চ চিকিৎসা নিতে আসে। ২৬ মার্চ শিশুটির অবস্থা সংকটপন্ন হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। শুনেছি, সেখান থেকে ঢাকা পাঠানো হয় এবং ২৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
“ডিজি অফিস থেকে শিশুটির মৃত্যুর তথ্য চাওয়া হয়েছে। আমরা যাবতীয় তথ্য সংগ্রহ করে পাঠিয়েছি। ডিজি অফিস পরবর্তীতে করণীয় সম্পর্কে আমাদের অবহিত করলে সেই মোতাবেক পদক্ষেপ নেব।”
চিকিৎসক বলেন, “তবে গত তিন বছরে আমরা এখানে হামের কোনো পজিটিভ রোগী পাইনি। হাম ছোঁয়াচে রোগ হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে আমি মনে করি, শিশুটির মৃত্যুর কারণটা আমাদের জন্য জানা খুবই প্রয়োজন। সেজন্য সিভিল সার্জন কমিটি করে দিয়েছে। মঙ্গলবার থেকে কমিটি কাজ শুরু করবে।”
