Published : 01 Aug 2026, 05:50 PM
নরসিংদীর মনোহরদীতে জমির বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের কুড়ালের আঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন মনোহরদী থানার ওসি মো. জাহাঙ্গীর বাদশা।
নিহত মিজান মিয়া (৪৫) বড়চাপা পূর্বপাড়ার সফুর উদ্দিনের ছেলে।
তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে দেশে ফিরে বড়চাপা বাজারে মুদি দোকান দেন। এছাড়া তিনি ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন।
মিজানের চাচাতো ভাই জীবন মিয়া একই ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতি শহীদুল্লাহর ছেলে।
স্বজনরা জানায়, বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে মিজান ও তার চাচা শহীদুল্লাহর বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও তা সমাধান হয়নি।
পুলিশ জানায়, শনিবার দুপুরে মিজান বিরোধপূর্ণ রাস্তায় থাকা একটি নারিকেল গাছ কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এসময় চাচাতো ভাই জীবন কুড়াল দিয়ে মিজানের মাথায় আঘাত করে।
এতে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার খন্দকার আনিছুর রহমান বলেন, দুপুরে মিজান মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে।
ওসি মো. জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা-ভাতিজার জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, বলেন ওসি।