Published : 01 Jul 2026, 06:12 PM
গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নাতিকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবনতাইড় গ্রামে এ ঘটনা ঘটে বলে সাঘাটা থানার ওসি মাহাবুব আলম জানান।
নিহত ৫৫ বছর বয়সী ফিরোজা বেগম ওই গ্রামের আব্দুল করিম ভেটুর স্ত্রী। তার নাতি শাকিল আহম্মেদকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় আব্দুল করিম ভেটুও আহত হয়েছেন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা বলছেন, বুধবার দুপুরে শাকিল, তার বাবা রফিকুল ইসলাম এবং দাদা আব্দুল করিম ভেটু বাড়ির পাশের একটি জমিতে পাট কাটছিলেন। এ সময় সেখানে যান শাকিলের দাদি ফিরোজা বেগম। পূর্বের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মাঠেই শাকিল ও ফিরোজা বেগমের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে শাকিলের হাতে থাকা পাট কাটার ধারালো বেকি দিয়ে ফিরোজা বেগমকে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ ওঠে। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আব্দুল করিম ভেটুকেও একই অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে শাকিল পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফিরোজা ও ভেটুকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে ফিরোজা বেগম মারা যান।
ওসি মাহাবুব আলম বলেন, শাকিলকে আটক করা হয়েছে আর নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।