২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় বিয়ের পরদিন সড়কে প্রাণ ঝরল যুবকের

সাজেদুর শুক্রবার বিয়ে করেন। তিনি বৌভাতের জন্য দই আনতে গিয়েছিলেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2024, 11:30 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

নওগাঁর আত্রাই উপজেলায় বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বৌভাতের দিন বাড়িতে অতিথিদের রেখে বাজারে গিয়ে আর ফেরা হয়নি বর সাজেদুর রহমানের।

উপজেলার ভবানীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সাজেদুর। তার মৃত্যুতে বিয়ে বাড়িতে নেমেছে শোকের ছায়া।

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সুটকিগাছা এলাকায় আত্রাই-বান্ধাইখাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আত্রাই থানা ওসি মো. লুৎফর রহমান জানান। 

নিহত সাজেদুর (২৪) উপজেলার নন্দনালী গ্রামের আজাদুর রহমানের ছেলে। তিনি শুক্রবার বিয়ে করেন। 

সাজেদুরের ভগ্নিপতি রতন ইসলাম বলেন, বৌভাত উপলক্ষে তিনি ও সাজেদুর মোটরসাইকেলে করে ভবানীপুর বাজার থেকে দই আনতে যান। ফেরার পথে সুঁটকিগাছা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাজেদুর গুরুতর আহত হন। তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আত্রাই থানা ওসি মো. লুৎফর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি দুঃখজনক। থানায় কেউ অভিযোগ করেননি।”