গাছের সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল কিশোরের
হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফেনীর পরশুরাম উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার মালিপাথর এলাকার ফুলগাজী-মালিপাথর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পরশুরাম মডেল থানার ওসি মো. নুরুল হাকিম জানান।
নিহত আবদুর রহমান (১৬) পরশুরামের চিথলিয়া ইউনিয়নের উত্তর মালি পাথর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে জোরে ধাক্কা খায়। এ সময় আরোহী আবদুর রহমান গুরুতর আহত হয়ে জ্ঞান হারায়।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।”
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি নুরুল হাকিম আরও জানান, নিহতের লাশ দাফনের জন্য স্বজনরা বাড়ি নিয়ে গেছে।
