কুষ্টিয়ায় বাইক ও ভ্যানকে ধাক্কা দিয়ে উল্টে গেল ট্রাক, নিহত ২
নিহতদের মধ্যে একজন গরু ব্যবসায়ী ও অপরজন মোটরসাইকেল আরোহী।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গরুবোঝাই ট্রাক, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার বিকালে উপজেলার তালতলায় এ ঘটনায় আহত দুইজন রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম।
নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া গ্রামের প্রয়াত আজিজুল ইসলামের ছেলে গরু ব্যবসায়ী আরমান আলী (৫৫) এবং মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া কামারপাড়া এলাকার গোলাম হোসেনের ছেলে মোটরসাইকেল আরোহী সজীব আহম্মেদ (২৫)। সজীব বেসরকারি সংস্থা দিশার কর্মী হিসেবে পাবনার মুলাডুলি এলাকায় কর্মরত ছিলেন।
আহত দুইজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তবে তাদের নাম-পরিচয় যাওয়া যায়নি।
ওসি মমিনুল ইসলাম বলেন, ঘটনার দিন বিকাল সাড়ে ৫টার দিকে মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী গরুবোঝাই একটি ট্রাক পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে বিপরীত দিক থেকে আসা ‘পাখি ভ্যান’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। আহত হন ট্রাক চালক ও গরু ব্যবসায়ীসহ চারজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমফ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে আরমান আলী এবং রাত সাড়ে ১২টার দিকে সজীব আহম্মেদ মারা যান বলে জানান ওসি মমিনুল ইসলাম।
আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
