Published : 13 Apr 2026, 09:57 PM
নারায়ণগঞ্জ নগরীর ব্যস্ততম তিনটি সড়ক থেকে হকারদের উচ্ছেদে অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
সোমবার বিকালে বঙ্গবন্ধু সড়ক, নবাব সলিমুল্লাহ সড়ক ও শায়েস্তা খাঁ সড়কে সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দলের প্রতিনিধি ও নাগরিক সমাজের অংশগ্রহণে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়।
শহরকে ‘গ্রিন ও ক্লিন’ করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
তবে আগেই অভিযানের খবর পাওয়ায় সকাল থেকেই সড়কগুলোতে হকারদের দেখা যায়নি। এতে সোমবার দিনভর হকারমুক্ত ফুটপাতে চলাচলে স্বস্তি পেয়েছেন পথচারীরা এবং ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কে যানজটও তুলনামূলক কম ছিল।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, ১৩ এপ্রিল থেকে শহরের ফুটপাত হকারমুক্ত করার ঘোষণা দিয়ে কয়েকদিন ধরেই মাইকিং ও প্রচারণা চালানো হচ্ছিল। এ লক্ষ্যে রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকও করা হয়।
অভিযানে অংশ নিতে দুপুরে বুলডোজার, ডাম্প ট্রাক ও ভেকুসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি নিয়ে কর্মকর্তারা চাষাঢ়ায় জড়ো হন। তাদের সঙ্গে র্যাব, পুলিশ, স্কাউট সদস্য এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও যানজট নিরসন কর্মীরাও উপস্থিত ছিলেন।
তবে অভিযানের আগেই বেশিরভাগ হকার তাদের মালামাল সরিয়ে নেওয়ায় উচ্ছেদ কার্যক্রমে তেমন বাধার সম্মুখীন হতে হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
অভিযান ঘিরে বিকেল ৩টায় নগরীর চাষাঢ়া জিয়া হল মিলনায়তনের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।
সমাবেশে সিটি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “নগরবাসীর স্বার্থে শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালাব। ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না। কেউ আইন ভঙ্গের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “জনগণের সমর্থনেই ফুটপাত হকারমুক্ত করা সম্ভব হয়েছে। তবে এই অবস্থা ধরে রাখতে প্রশাসনকে নিয়মিত তৎপর থাকতে হবে। হকার ইস্যুতে আমাদের জিরো টলারেন্স।”