২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে এক কেন্দ্রে ভোট দিলেন ৩ প্রার্থী, ঘুরলেন এক সঙ্গে

পছন্দের প্রার্থীকে ভোট দিলেও তিনজনের প্রতি শুভকামনা জানিয়েছেন ভোটাররা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2026, 02:21 PM

Updated : 26 Aug 2026, 02:56 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নরসিংদী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আট প্রার্থী। এরমধ্যে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের চিনিশপুর গ্রামে আধা কিলোমিটারের মধ্যেই রয়েছে তিন প্রার্থীর বাড়ি।

তারা হলেন- বিএনপির খায়রুল কবির খোকন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. ইব্রাহিম ভুইয়া (দাঁড়িপাল্লা) এবং গণঅধিকার পরিষদের শিরিন আক্তার (ট্রাক)। 

বৃহস্পতিবার সকালে একই কেন্দ্রে ভোট দেন তারা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিন প্রার্থী।

এদিকে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীসহ এই তিন প্রার্থীকে নিয়ে চিনিশপুর গ্রামসহ আসন জুড়েই চলছে আলোচনা। এক গ্রামের তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা ঘিরে পুরো গ্রামজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। 

পছন্দের প্রার্থীকে ভোট দিলেও তিনজনের প্রতি শুভকামনা জানিয়েছেন ভোটাররা। 

প্রার্থীরা এক সঙ্গে কেন্দ্রে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। রাজনৈতিক সুন্দর সহাবস্থানের পাশাপাশি একে অপরের প্রতি প্রকাশ করেছেন আন্তরিকতা। এতে ভোটাররা খুশি হয়েছেন বলে জানিয়েছেন।