রাজবাড়ীতে ‘চরমপন্থি’ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নিহতের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দে এক চরমপন্থি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকার ইমদাদুলের চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
নিহত সুশীল কুমার সরকার (৫৮) উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে।
স্থানীয়দের বরাতে রেজাউল করিম বলেন, সন্ধ্যায় কাটাখালী মোড় এলাকার ইমদাদুলের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন সুশীল। এ সময় দুষ্কৃতকারীরা তাকে ডেকে পাশে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “সুশীল কুমারের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।
“কী কারণে এ হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
