জালে পড়ল ৬ মণের শাপলা পাতা মাছ, ৭৫ হাজারে বিক্রি
স্থানীয়ভাবে এটি ‘হাউস মাছ’ হিসেবে পরিচিত।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ছয় মণ ওজনের শাপলা পাতা মাছ।
সোমবার উপজেলার দক্ষিণে মেঘনা নদীর মোহনায় কীর্তন মাঝির জালে মাছটি ধরা পড়ে। স্থানীয়ভাবে এটি ‘হাউস মাছ’ হিসেবে পরিচিত।
বিকালে উপজেলার বড়খেরী মাছঘাটে মাছটি নিলামে তোলা হয়। মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।
জেলে ও মাছ ব্যবসায়ীরা জানান, দড়ি দিয়ে বেঁধে বাঁশে ঝুলিয়ে ১০ জন জেলে নৌকা থেকে মাছটি বড়খেরী ঘাটে নিয়ে আসে। ঘাটে মোতালেব বেপারীর আড়তে মাছটির নিলামে তোলা হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী কৃষ্ণ বেপারী ৭৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।
১২ জেলে মিলেও নৌকা থেকে মাছটি নামিয়ে ডাঙায় তুলতে পারছিলেন না। পরে পাশের ট্রলারের জেলেদের সহায়তায় মাছটি ডাঙায় তোলা হয়। এ সময় উৎসুক জনতা মাছটি দেখতে ঘাট এলাকায় ভীড় জমায়।
আড়তদার মোতালেব বেপারী বলেন, সম্প্রতি মেঘনা নদীর বিভিন্ন এলাকায় শাপলা পাতা মাছ ধরা পড়ছে। মূলত এই মাছ সাগরে থাকে। স্রোতে মাছ নদীতে চলে এসেছে।
ব্যবসায়ী কৃষ্ণ বেপারী বলেন, “‘হাউস মাছ’ সচরাচর পাওয়া যায় না। এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। যে দামে কিনেছি, এর চেয়ে ভালো দামে মাছটি বিক্রি করতে পারব।”
জেলে কীর্তন মাঝি বলেন, “অনেক দিন ধরেই জালে তেমন মাছ ধরা পড়ে না। এতে অর্থকষ্টে ছিলাম। বড় একটি শাপলা মাছ ধরা পড়ায় ৭৫ হাজার টাকায় বিক্রি করতে পেরেছি।”
