২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার পায়রা নদীতে সোয়া ২ কেজির ইলিশ, বিক্রি ৯ হাজারে

মাছটিকে ‘মৌসুমের সেরা ইলিশ’ দাবি করেছেন আমতলীর বাজারের পাইকারি মাছের ব্যবসায়ীরা।

বরগুনার পায়রা নদীতে সোয়া ২ কেজির ইলিশ, বিক্রি ৯ হাজারে

পায়রা নদীতে ধরা পড়েছে সোয়া ২ কেজির ইলিশটি।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2023, 12:07 PM

Updated : 09 Aug 2023, 12:07 PM

বরগুনার পায়রা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে সোয়া দুই কেজি ওজনের একটি ইলিশ। মাছটি ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।  

মঙ্গলবার দুপুরে র লোছা গ্রামের জাহিদের জালে মাছটি ধরা পড়ে।

জাহিদ জানান, মঙ্গলবার দুপুরে তিনি পায়রা নদীতে জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন। বিকালে জাল তুলতে গিয়ে দেখেন ছোট ছোট মাছের সঙ্গে বিশাল আকারের একটি ইলিশ।

পরে আমতলী মাছ বাজারের তালুকদার মৎস্য আড়তে নিয়ে দেখেন মাছটির ওজন সোয়া দুই কেজি।

জেলে জাহিদ বলেন, “ভরা মৌসুম থাকলেও এখনো পায়রা নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আজকে জালে এত বড় ইলিশ মাছ পেয়ে অনেক খুশি হয়েছি।”

এ দিকে বাজারে মাছটি নিলামে তোলেন আমতলীর বাজারের পাইকারি মাছের আড়তদার রাসেল মিয়া।

তিনি মাছটিকে ‘মৌসুমের সেরা ইলিশ’ দাবি করে বলেন, এ বছর ইলিশের ভরা মৌসুমেও এত বড় সাইজের মাছ আর বাজারে আসেনি। মাছটি একনজর দেখার জন্য অনেকেই ভিড় জমায়।

নিলামে আট হাজার টাকায় ইলিশটি কেনেন খুচরা বিক্রেতা মাসুদ গাজী। পরে তিনি এক ক্রেতার কাছে সোয়া দুই কেজি ওজনের ইলিশটি বিক্রি করেন ৯ হাজার টাকায়।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, “জেলেরা ৬৫ দিনের অবরোধ সঠিকভাবে পালন করায় নদী-সাগরে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য অনেক বড় সুখবর।”