২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্ত দিয়ে শিশুসহ ২৩ জনকে ‘পুশইন’ করল বিএসএফ

ফেরত আসারা ভারতের হরিয়ানা রাজ্যে ইটভাটায় কাজ করতেন।

সাতক্ষীরা সীমান্ত দিয়ে শিশুসহ ২৩ জনকে ‘পুশইন’ করল বিএসএফ
সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২৩ বাংলাদেশিকে ‘পুশইন’ করেছে বিএসএফ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2025, 07:22 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

সাতক্ষীরা সদর উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ২৩ বাংলাদেশিকে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ। 

মঙ্গলবার ভোর রাতে উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে তাদের ঠেলে দিলে আটক করা হয় বলে জানান কুশখালী বিজিবির বিওপি কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন।

আটকদের মধ্যে ২২ জন কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার এবং একজন ঝালকাঠি জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

সুবেদার মেজবাহউদ্দীন বলেন, আটকদের সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সাতজন নারী, সাতজন পুরুষ এবং নয়জন শিশু।

তিনি বলেন, ফেরত আসারা ভারতের হরিয়ানা রাজ্যে ইটভাটায় কাজ করতেন। ১৫ মে দেশটির পুলিশ তাদের আটক করে সীমান্ত এলাকায় নিয়ে আসে। সেখানে তাদেরকে ১০ দিন আটকে রেখে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেছেন। এখনও অনেকেই সেখানে আটকে রাখা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুর রহমান বলেন, ভারত থেকে আসা ২৩ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। বাংলাদেশি নাগরিক হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে না। 

সদর থানা পুলিশের হেফাজতে রেখে তাদেরকে আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।