২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বাংলাদেশি নাগরিকের মরদেহ ফেরত দিল বিএসএফ

বিজিবি জানায়, ২৪ অক্টোবর ধোবাউড়ার দীগলবাঘ সীমান্ত দিয়ে সাত বাংলাদেশি ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2024, 09:18 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

নেত্রকোণা সীমান্ত দিয়ে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার দুপুর ১টায় বিজয়পুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃপক্ষ লাশ হস্তান্তর করেছে বলে নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান।

নিহত মো. রিজাউল করিম শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ২৪ অক্টোবর সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়ার দীগলবাঘ সীমান্ত দিয়ে সাত বাংলাদেশি ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করে। এ সময় ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। 

এ সময় ছয়জন পালাতে সক্ষম হলেও রিজাউল করিম কালভার্টের নিচে পড়ে পানিতে তলিয়ে যান। বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিএসএফ দাবি করেছে যে, রিজাউল করিম পলায়নের সময় কালভার্ট থেকে পড়ে মাথায় আঘাত পান এবং অচেতন অবস্থায় পানিতে ডুবে মারা যান। ভারতে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।”

এতে বলা হয়, বিষয়টি জানতে পেরে বিজিবি ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিএসএফ পুলিশ ও রিজাউল করিমের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বলেন, “বাংলাদেশে পুনরায় ময়নাতদন্ত করার পর রিজাউলের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”