২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগ, ১২ জনকে কারাদণ্ড

মানিকগঞ্জে র‌্যাবের অভিযানে আটকদের তিন দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 05:24 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

মানিকগঞ্জে সরকারি হাসপাতালের রোগী ভাগিয়ে বেসরকারি হাসপাতালে নেওয়ার অভিযোগে একটি চক্রের ১২ জনকে আটক করেছে র‍্যাব। পরে তাদের তিন দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা বাস স্ট্যান্ড এলাকার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার।

গ্রেপ্তারদের মধ্যে আটজন নারী এবং চারজন পুরুষ। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানায়নি র‌্যাব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার বলেন, দীর্ঘদিন ধরে দালাল চক্রটি মানিকগঞ্জ সদর হাসপাতালে আসা রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত। এতে প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। 

তিনি বলেন  “র‌্যাবের সহায়তায় অভিযান চালিয়ে চক্রের ১২ জনকে আটক করা হয়। পরে তাদেরকে তিন দিন করে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আটক চক্রের সদস্যদের দাবি, তারা বিভিন্ন ক্লিনিকে চাকরি করেন। তবে আটকদের মধ্যে নরেশ বলেন, “প্রতিদিন ক্লিনিকে দুই থেকে তিনজন রোগী দিলে ৩০০ থেকে ৪০০ টাকা পাই। তাই এসব করি।” 

মেজর সাদমান বলেন, “র‍্যাব-৪ এর পক্ষ থেকে বিষয়টি নিয়মিত মনিটরিং করা হচ্ছিল। অভিযানে আটক ১২ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”