গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১
ঢাকা থেকে গাজীপুরের কাপাসিয়ায় বাড়িতে ফিরছিলেন সাকিল আহমেদ।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জের দুবুরিয়া এলাকায় গাজীপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার এসআই জামিনুর রহমান।
নিহত সাকিল আহমেদ (৩২) কাপাসিয়া উপজেলার একডালা এলাকার আবির মিয়ার ছেলে। তিনি ঢাকায় ভাড়া বাসায় বসবাস করে প্রাইভেট একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন।
এসআই জামিনুর বলেন, বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন সাকিল আহমেদ। সন্ধ্যায় গাজীপুর শহরে পৌঁছে সিএনজিচালিত অটোরিকশায় কালীগঞ্জে রওনা দেন।
পথে সন্ধ্যা সোয়া ৭টার দিকে গাজীপুর-ইটাখোলা সড়কের দুবুরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মহিষ বোঝাই একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাকিলের মৃত্যু হয়।
আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।
তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছেন ট্রাকের চালক ও হেলপার।
