কাঠ-তারের ভিড়ে সুরের খেলা: কুমিল্লার বাদ্যযন্ত্র কারিগর শিউলি আচার্য্য
“আগে বাবার সঙ্গে সকাল-বিকাল হাঁটতে বের হলেই তবলা হারমোনিয়ামের শব্দ শুনতে পেতাম। এখন এসব নেই।”
চারপাশে গাড়ির হর্ন আর মানুষের কোলাহল। কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে শুনছেন বাদ্যযন্ত্রটির সুর ঠিক ধরছে কি-না। সামান্য অসঙ্গতি ধরা পড়লেই হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার আর কাঁচি হাতে আবারও হারমোনিয়ামের সুরের সমন্বয় করেন।
মেরামত শেষে পাশে বসা এক যন্ত্রশিল্পীকে দিয়ে সেটি বাজিয়ে শোনেন। হারমোনিয়ামটি ঠিকঠাক সুর তুলতেই মুখে ফুটে উঠল এক অনন্য তৃপ্তির হাসি। বলছিলাম কুমিল্লার নারী কারিগর শিউলি আচার্যের কথা- যার সুনিপুণ ছোঁয়ায় প্রাণ পায় রকমারি বাদ্যযন্ত্র।
শিউলি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করলেও তিনি চাকরির পথে না গিয়ে বেছে নিয়েছেন পরিবারের কয়েক প্রজন্মের বাদ্যযন্ত্র নির্মাণ ও মেরামতের পেশাকে। বর্তমানে তিনি কুমিল্লা নগরীর রানীরবাজারে প্রায় ৮০ বছরের ঐতিহ্যবাহী ‘তারক মিউজিক্যাল হল’ পরিচালনা করছেন। তার হাতেই হারমোনিয়াম, গিটার, বেহালা, তবলা, মৃদঙ্গসহ বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি ও মেরামত হয়।
বাবা নীহার রঞ্জন আচার্য্যের হাত ধরেই পারিবারিক এ ব্যবসার হাল ধরেছেন শিউলি। তার মতো নারী বাদ্যযন্ত্র কারিগর বাংলাদেশে আর আছেন কি-না তা জানেন না তিনি।
সরেজমিনে দেখা যায়, দোকানের চারপাশে ছড়িয়ে আছে নতুন-পুরোনো নানা বাদ্যযন্ত্র ও সেগুলো মেরামতের যন্ত্রপাতি। মাঝখানে বসে মনোযোগ দিয়ে অবিরত কাজ করে চলেছেন শিউলি আচার্য্য।
যাত্রার শুরুটা কেমন ছিল জানতে চাইলে এ নারী বাদ্যযন্ত্র কারিগর বলেন, “ছোট বেলায় বাবা বাদ্যযন্ত্র ঠিক করার সময় সেগুলো পরিষ্কার করতে দিতো। সেই থেকে যে যন্ত্রগুলো হাতে উঠলো, আর নামেনি। আমারা চার বোনের তিন বোন অন্য পেশায় গেলেও আমি ধরে রইলাম বাবার পেশা। বাবার হাতে এই মেরামত কারিগরি শেখা। আমি জানি না বাংলাদেশে কোথাও আমার মত কেউ এমন আছে কি-না।”
বংশপরম্পরায় হাতে-কলমে বাদ্যযন্ত্র মেরামত শেখার কারিগরি দক্ষতা শিউলিকে আচার্য্যকে স্থানীয় যন্ত্রশিল্পীদের কাছে পরিচিত করে তুলেছে। কুমিল্লা শহরে বাদ্যযন্ত্র মেরামতের যে দু-তিনটি দোকান আছে, শিউলি আচার্য্য ২৫ বছর ধরে সামলাচ্ছেন তার মধ্যে সবচেয়ে সুপরিচিত দোকানটি।
তবে তার আক্ষেপ, এক সময় কুমিল্লা নগরীতে সকাল-বিকেল হাঁটলেই যে রেওয়াজের আওয়াজ কানে আসত, তা এখন আর নেই। যে কারণে বাদ্যযন্ত্র ও মেরামতের দোকানেও ভাটা পড়েছে।
শিউলি বলছিলেন, “এখনও বাদ্যযন্ত্র মেরামত করে আমার মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় হয়। যারা পারিবারিক ভাবে গান শেখে, গান গায় তাদের যন্ত্র মেরামত করি। আগে বাবার সঙ্গে সকাল বিকাল হাঁটতে বের হলেই তবলা হারমোনিয়ামের শব্দ শুনতে পেতাম। এখন এসব নেই।
“এখন বাবা-মায়েরা ছেলেমেয়েদের জন্য হারমোনিয়াম বা তবলা কিনে দেন। কিন্তু দুই-তিন মাস পরই আবার সেটি ফেরত দিতে আসেন। বলেন, বাচ্চাদের আর গান শিখতে বা চর্চা করতে মন চায় না।”
কথা বলতে বলতে শিউলি আচার্য্য বলেন, “উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী শচীন দেব বর্মনের জন্মভূমিতে সুরচর্চার এমন হাল কেন হল আমি বারবার সেই প্রশ্নের উত্তর খুঁজি।”
স্থানীয় যন্ত্রসঙ্গীত শিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রবীণ ও নবীন প্রজন্মের সঙ্গীতশিল্পীদের কাছে কুমিল্লার ঐতিহ্যবাহী তারক মিউজিক্যাল হল এখনও বাদ্যযন্ত্র মেরামতের অন্যতম বিশ্বস্ত ঠিকানা। শিউলি আচার্য্যের হাতের ছোঁয়ায় অনেক পুরোনো বাদ্যযন্ত্রও যেন নতুন প্রাণ ফিরে পায়।
তাদের মতে, যথাযথ পৃষ্ঠপোষকতা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেলে বাদ্যযন্ত্র মেরামতের পেশায় আগ্রহী নারীদের জন্য শিউলি আচার্য একটি অনুকরণীয় উদাহরণ হতে পারেন।
বাংলাদেশ বেতার কুমিল্লা অঞ্চলের সংগীত শিল্পী ও শিক্ষক শম্পা দে সরকার বলছিলেন, “শিউলির মতো আর কেউ আমাদের শহরে নেই। আমি ছোটবেলা থেকেই তাদের দোকানেই আমার হারমোনিয়াম মেরামতের কাজ করি। শিউলির প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও হাতে যেন জাদু আছে।”
বাদ্যযন্ত্র শিল্পী বিশ্বজিৎ ভৌমিক বলেন, “আমি বহুবার শিউলির দোকানে হারমোনিয়াম ঠিক করাতে গেছি। তার দোকানের কারিগররা দক্ষতার সঙ্গে মৃদঙ্গ, বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের মেরামতের কাজ করেন। শিউলি আচার্য্যের দক্ষতা ও কাজের মানের কারণেই বারবার গ্রাহকেরা সেখানে যায়।”
শিউলির ‘তারক মিউজিক্যাল হল’ ঘিরে নানা স্মৃতি ও ইতিহাস রয়েছে। স্থানীয় সঙ্গীতশিল্পীদের ভাষ্য, সমতট অঞ্চলের অনেক খ্যাতিমান ওস্তাদ শিল্পীর পদচারণায় মুখর ছিল এই দোকান। তাদের কেউ কেউ বলেন, একসময় এটি ছিল শিল্পীদের নিয়মিত আড্ডা ও মিলনকেন্দ্র।
কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে দীর্ঘদিন গবেষণা করা আহসানুল কবীর বলেন, “ষাটের দশকে তারক মিউজিক্যাল হলের প্রতিষ্ঠা। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ, উস্তাদ আয়াত আলী খাঁ, বাহাদুর হোসেন খাঁন, মোহাম্মদ হোসেন খসরুর মত মানুষের পদধূলিতে ধন্য হয়েছে তারক মিউজিক্যাল হল। এখানে একটি গান চর্চার ক্লাবও ছিল।
“তারক মিউজিক্যাল হলের কাছাকাছি এলাকাতেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পদধূলিতে ধন্য নজরুল অ্যাভিনিউতেই ছিলেন তার সহধর্মিনী প্রমিলা দেবীর বাড়ি- সেখানেই হত অনেক সঙ্গীতের আয়োজন। পাশাপাশি এলাকায় ছিল ওস্তাদ আয়াত আলী খাঁ বাড়ি। একই এলাকায় থেকেছেন আনন্দ চন্দ্র রায় বাহাদুর, রায় বাহাদুর ভুদর চন্দ্র দাশগুপ্ত, হেমন্ত মজুমদার, বসন্তকুমার, জয়নাল ফকিরের মত বিখ্যাত গায়ক-সাধকরা।”
তার ভাষ্য, এসব গুণী শিল্পী এবং তাদের শিষ্যদের নিয়মিত আনাগোনায় নজরুল অ্যাভিনিউ, তালপুকুরপাড়, রানীরবাজার ও ঠাকুরপাড়া এলাকা সঙ্গীতচর্চায় মুখর ছিল। সেই সাংস্কৃতিক পরিবেশের
চাহিদা থেকেই প্রতিষ্ঠিত হয় বাদ্যযন্ত্র নির্মাণ ও মেরামতের প্রতিষ্ঠান ‘তারক মিউজিক্যাল হল’।
তবে বর্তমান প্রজন্মের সঙ্গীতচর্চা কমে যাওয়ায় আক্ষেপ করে শিউলি বলেন, “একসময় দেখেছি গান গাওয়া, বাদ্যযন্ত্র বাজানো স্কুলে স্কুলেই বাধ্যতামূলক শেখানো হত। তখন অনেকেই এই শখে শখেও শিখে ফেলতো বাজনা। এসব চর্চা করেই অবসর পার হয়ে যেত। এখন এই চর্চা নেই বলেই তো ছেলে-মেয়েরা বাজে আসক্তিতে ডোবে।”
যন্ত্রসঙ্গীত শেখার প্রতিষ্ঠান থাকলেও বাংলাদেশে বাদ্যযন্ত্র মেরামত শেখা বা নতুন বাদ্যযন্ত্র তৈরির প্রতিষ্ঠান পরিচিত নয় বলে জানালেন শিউলি আচার্য্য। তার মতে, প্রাতিষ্ঠানিকভাবে বাদ্যযন্ত্র মেরামতের শিক্ষা নারীদের নতুন পেশার উন্মোচন করতে পারে।
