তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে বাগানে ‘দলবেঁধে ধর্ষণ’, আটক ২
বাড়ির পাশের বাগানে কয়েক বখাটে নেশা করে ও তাস খেলে। পরিবারের ধারণা, তারাই এই কাজ করেছে।
পটুয়াখালী সদর উপজেলায় এক তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে বাগানে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটকরা হলেন- রাসেল মিঠু (৩০) ও রাহাত (২২)।
সদর থানার এসআই মো. কামরুল বলেন, তরুণীর পরিবার থানায় রয়েছে। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। পরিবার জানিয়েছে, রাতে তরুণী নিজেদের ঘর থেকে পাশের এক চাচার বাড়ি যাওয়ার পথে তাকে মুখ চেপে তুলে নিয়ে যাওয়া হয়।
বাড়ির পাশের বাগানে কয়েক বখাটে নেশা করে ও তাস খেলে। পরিবারের ধারণা, তারাই এই কাজ করেছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
