ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম অনন্য গাঙ্গুলীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঝিনাইদহের বাসিন্দা অনন্য মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে দাবি স্বজনদের।
ঝিনাইদহে কোটচাঁদপুর উপজেলায় গ্রামের বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম অনন্য গাঙ্গুলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার বাজার পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কোটচাঁদপুর থানার ওসি মো. আসাদউজ্জামান।
অনন্য গাঙ্গুলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও ২০২১-২২ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী ছিলেন। তিনি ওই পাড়ার প্রদ্যুৎ গাঙ্গুলীর ছেলে।
স্বজনদের বরাতে ওসি আসাদউজ্জামান বলেন, অনন্য মানসিক রোগে আক্রান্ত ছিলেন। এজন্য ভারত ও ঢাকাতে তার চিকিৎসা করা হয়। এর মধ্যে কিছুটা সুস্থ হন তিনি।
“শনিবার বাড়িতে আসেন অনন্য। রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে যান। সকালে ঘুম না ভাঙ্গায় মা ডাকাডাকি করেন। পরে ঘরের জানালা দিয়ে দেখেন ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন অনন্য।”
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আসাদউজ্জামান বলেন, মৃত্যুর কারণ সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেয়ে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
