গোপালগঞ্জে খালে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু
ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ শহরের গেটপাড়া খালে গোসল করতে গিয়ে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে গেটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল কালাম আজাদ জানান।
মৃতরা হলো-গেটপাড়ার বাসিন্দা সেলিম খন্দকারের ছেলে নাবিল খোন্দকার আরমান (১২) ও একই এলাকার মফিজুর রহমান মীরের ছেলে হৃদয় মীর (১২)। তারা শহরের বেদ গ্রামের রংধনু স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
আব্দুল কালাম বলেন, “দুপুরের দিকে তিন বন্ধু আরমান, হৃদয় ও আপন গেটপাড়া খালে গোসল করতে নামে। সাঁতার না জানায় তারা পানিতে ডুবে যায়। এ সময় স্থাানীয়রা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে আপনকে উদ্ধার করে।
“পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে আরমান ও হৃদয়কে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।”
আপনকে ওই হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
