গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
এই দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল দেড় ঘণ্টা বন্ধ ছিল।
গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কেবেটরের সঙ্গে ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে তারা মারা যান বলে পুলিশ জানিয়েছে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক বলেন, দুর্ঘনায় দুজন নিহত এবং অন্তত ১০ জন আহত হন।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম বাচ্চু মোল্লা (৫০)। তিনি দিগন্ত পরিবহনের চালক। তার বাড়ি খুলনা জেলায়।
আহতদের মধ্যে ছয়জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে প্রায় ৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনাকবলিত যান দুটি সরানো হলে রাত ১২টার দিকে পুনরায় গাড়ি চলাচল শুরু হয়।
