২২ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

রাজশাহীতে ৪ ভোটকেন্দ্রে আগুন, হাতবোমা উদ্ধার

আগুনে বই ও কাগজপত্রসহ বিদ্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

রাজশাহীতে ৪ ভোটকেন্দ্রে আগুন, হাতবোমা উদ্ধার

বাগমারার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পুড়ে যাওয়া কক্ষ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 12:03 PM

Updated : 05 Jan 2024, 12:44 PM

রাজশাহীর তিন উপজেলার চারটি ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একটি ভোটকেন্দ্রের সামনে পাওয়া গেছে দুইটি হাতবোমা।

বৃহস্পতিবার গভীর রাতে বোমা ব্যবহার করে বা পেট্রোল ঢেলে বিভিন্ন বিদ্যালয়ে স্থাপিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এসব ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়।

আগুনে বই ও কাগজপত্রসহ বিদ্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।

ভোটকেন্দ্রগুলো হলো- রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয়, রাজশাহী-৪ আসনের বাগমারা উপজেলার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় এবং রাজশাহী-৬ আসনের বাঘা উপজেলার ঝিনা প্রাথমিক বিদ্যালয় ও জোতনশী প্রাথমিক বিদ্যালয়।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আরও জানান, বাগমারার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে দুইটি হাতবোমা পাওয়া গেছে। পুলিশ সেটি ঘিরে রেখে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়।

বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা উপজেলার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের অফিসকক্ষের জানালা দিয়ে পেট্রোল বোমা ছোঁড়ে। এতে কক্ষটিতে আগুন ধরে সেখানে থাকা বইপত্র পুড়ে যায়।

এ সময় বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় বিদ্যালয়ের ফটকে দুটি হাতবোমা জাতীয় বস্তু ফেলে যায় তারা।

পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবার নম্বরে (৯৯৯) ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সেখান থেকে দুর্বৃত্তের ফেলে যাওয়া একটি মানিব্যাগ উদ্ধার করে এবং বোমা দুইটি ঘিরে রাখে।

অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল জানান, এসব ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে।