০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ: ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার

গ্রাহকের কোটি টাকা আত্মসাতের ঘটনায় সাবেক ও বর্তমান দুই ব্যবস্থাপকসহ ৫ কর্মী গ্রেপ্তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 12:23 AM

Updated : 08 Oct 2026, 12:22 AM

মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় সাবেক ও বর্তমান দুই ব্যবস্থাপকসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান।

গ্রেপ্তাররা হলেন- শ্রীনগর শাখার ব্যবস্থাপক শরীফ উদ্দিন (৩৯), দিঘিরপাড় শাখার ব্যবস্থাপক রেজাউল হক (৪২), সাবেক ক্যাশ অফিসার মো. জিন্নাহ হোসেন (৩৪) এবং নিরাপত্তা কর্মী রঞ্জু আহমেদ (৩০) ও আব্দুল হাই (৪২)।

ব্যাংক কর্মকর্তারা বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি তদন্ত দল সকালে শ্রীনগর বাজার শাখায় তদন্তে নামে। দিনভর তদন্ত শেষে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক এবং পরে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে একই শাখা থেকে গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হওয়া জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক শরীফুজ্জামান সোহাগকে ঢাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, দুদকের তদন্তের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।