২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে চার সন্তানের মা হলেন মুক্তা

চিকিৎসক জানান, প্রসূতি দীর্ঘদিন ধরে ‘সাব ফার্টিলিটিতে’ ভুগছিলেন। তবে এখন মা ও সবগুলো শিশু ভালো আছে।

একসঙ্গে চার সন্তানের মা হলেন মুক্তা

জন্মের পর শিশুদের ‘নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে’ রাখা হয়

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 08:41 PM

Updated : 01 Sep 2022, 09:28 PM

ফেনীতে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা আক্তার মুক্তা নামের এক গৃহবধূ।

বৃহস্পতিবার বিকালে ফেনী শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে একে একে তিন ছেলে ও এক মেয়ের জন্ম দেন মুক্তা।

জন্ম নেওয়া চার শিশুকে জেডইউ মডেল হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে বলে গাইনি বিভাগের চিকিৎসক রোকসানা বেগম স্বপ্না জানান।

প্রসূতি ফারজানা আক্তার মুক্তা খাগড়াছড়ির রামগড় উপজেলার সোনাইপুল এলাকার মো. আলমগীর হোসেনের স্ত্রী। আলমগীর পেশায় একজন মুদি দোকানি।

চিকিৎসক স্বপ্না বলেন, চার শিশুর মধ্যে প্রথমটির ওজন প্রায় দুই হাজার গ্রাম, দ্বিতীয়টির ওজন দুই হাজার ১০০ গ্রাম, তৃতীয়টির ওজন এক হাজার ৫০০ গ্রাম এবং চতুর্থ শিশুটির ওজন এক হাজার ৩০০ গ্রাম।

তিনি আরো বলেন, প্রসূতি দীর্ঘদিন ধরে ‘সাব ফার্টিলিটিতে’ ভুগছিলেন। তবে এখন মা ও সবগুলো শিশুই ভালো আছে।

চার নবজাতকের বাবা আলমগীর হোসেন বলেন, “গর্ভধারনের পর স্ত্রী গাইনি চিকিৎসক রোকসানা বেগম স্বপ্নার তত্ত্বাধানে ছিলেন। আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই চার সন্তানের বাবা হলাম। সবাই আমার স্ত্রী ও সন্তানদের জন্য দোয়া করবেন।”